ফাইল ছবি
ঢাকা: নির্বাচনে ও ভোটার তালিকা প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য মারা গেলে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১০ জুন) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইসির উপ-সচিব রাশেদুল ইসলাম এ সংক্রান্ত নীতিমালায় সই করেন।
নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলায় মারা গেলে তার পরিবারের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা, গুরুতর আহত/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৪ লাখ টাকা, গুরুতর আহত/অস্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।
এ ছাড়া দায়িত্বরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ/গুরুতর অসুস্থ/মৃত্যুবরণ করলে সর্বোচ্চ ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা, সাময়িকভাবে অসুস্থ ব্যক্তির জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং হাসপাতালে ভর্তি হয়ে সাধারণ চিকিৎসা গ্রহণ করা হলে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
এ ক্ষেত্রে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্দিষ্ট পন্থায় আবেদন করতে হবে। সে আবেদন নির্দিষ্ট কমিটির মাধ্যমে কমিশনের কাছে উত্থাপন করা হলে কমিশন যা নির্ধারণ করবে, সেই অনুযায়ী অনুদান প্রদান করা হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, এর আগে সুনির্দিষ্ট কোনো নীতিমালা সুস্পষ্ট আকারে ছিল না। এবার সেটা করা হয়েছে।
পিএস







































