ছবি: পিআইডি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি নিউইয়র্কে অনেকগুলো উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে টেকসই রোহিঙ্গা সমাধান, শরণার্থীদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি আঞ্চলিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে উন্নয়নমূলক সম্পর্ক জোরদার করার বিষয়টি তুলে ধরেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের উপরাষ্ট্রপতি উজ হুসেইন মোহামেদ লতিফ, মিয়ানমারবিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহসহ অন্যান্য উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে এসব বিষয় উঠে আসে।
মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের প্রথম দিনের বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, উন্নয়ন অংশীদারিত্ব এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
-20260923133621.jpeg)
প্রথম দিনের কর্মসূচিতে রোহিঙ্গা সংকট বিশেষভাবে গুরুত্ব পায়। জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ এবং শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য স্থায়ী সমাধান এবং আন্তর্জাতিক সমর্থন জোরদারের তাগিদ দেন তিনি। বুধবার বাংলাদেশ ও দ্য গাম্বিয়া যৌথভাবে আয়োজিত রোহিঙ্গা সংকটবিষয়ক একটি উচ্চপর্যায়ের সাইডলাইন ইভেন্টেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
-20260923133648.jpeg)
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। উভয় নেতা পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি অর্থনীতি ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।
পৃথক বৈঠকে ভুটান ও মালদ্বীপের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং পারস্পরিক যোগাযোগের ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ার ফিলস-আইমের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অভিজ্ঞতার বিষয়টি উঠে আসে।
-20260923133754.jpeg)
জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাণিজ্য ও সংস্কারমূলক কাজে বিশ্বব্যাংকের সহায়তা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা বাড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দ্বিপাক্ষিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও কোভিড-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ এবং সাম্প্রতিক জ্বালানি সংকটের কথা আন্তর্জাতিক অংশীদারদের কাছে ব্যাখ্যা করা হয়েছে। সাধারণ পরিষদে বিষয়টি উঠলে ইতিবাচক সমর্থন পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত এক প্রাতরাশ সভায় স্ত্রী ড. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী। একই দিন সন্ধ্যায় ম্যানহাটনের লটে নিউইয়র্ক প্যালেস হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজেও যোগ দেন তাঁরা।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জীবনের প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
সাধারণ পরিষদে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের পর তাঁদের মধ্যে এই ব্যক্তিগত আলোকপাত ঘটে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ড. খলিলুর রহমান নিজেই।
এসএইচ







































