দেশের সংসদ সদস্যদের (এমপি) প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর জন্য মোট ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে মঙ্গলবার দুটি চিঠি পাঠানো হয়েছে। এই টাকা থেকে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের সহায়তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারবেন এমপিরা।
চিঠির একটিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৬৪ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অপর চিঠিতে সিটি করপোরেশন উন্নয়ন সহায়তা তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১৮০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। দুটি মিলিয়ে ৩০০ এমপির জন্য প্রয়োজন হবে মোট ১ হাজার ৫০০ কোটি টাকা।
এমপিদের পছন্দ অনুযায়ী উন্নয়ন প্রকল্পে খরচ করতে গত মাসে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ তহবিল থেকে ৩ হাজার ১৫৯টি ইউনিয়ন পরিষদের জন্য ৫১ কোটি ১৮ লাখ টাকা থোক বরাদ্দ মঞ্জুর করে স্থানীয় সরকার বিভাগ। ক্ষমতাসীন দলের সদস্যদের আসনের জন্য এই অর্থ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে এই থোক বরাদ্দ নির্বাচনকে প্রভাবিত করতে দেওয়া হয়েছে বলে বিরোধী দল সমালোচনা করেছে। অতীতে এ ধরনের বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
এমপিদের পছন্দ অনুযায়ী প্রকল্পে বরাদ্দ এবং তাদের স্বেচ্ছাধীন খরচের জন্য বিশেষ বরাদ্দ এর আগে বিভিন্ন সরকারের আমলে দেওয়া হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে ১৫ কোটি এবং পরে ২০ কোটি টাকা এমপিদের অনুকূলে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল।
কেন বিশেষ বরাদ্দ
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর প্রান্তিক জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ফলে বর্তমান সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। বর্তমানে সংসদীয় ব্যবস্থা চালু হওয়ায় তৃণমূল পর্যায়ের মানুষ ছোটখাটো অথচ অতি জরুরি চাহিদাগুলো নির্বাচিত সংসদ সদস্যের কাছে প্রতিনিয়ত তুলে ধরছেন।
এতে বলা হয়, সংসদ সদস্যরা প্রায়ই নির্বাচনী এলাকা সফর করেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন, মানুষের সমস্যা শোনেন এবং সমাধানের অঙ্গীকার করেন। কিন্তু বাস্তবে তাদের বিদ্যমান ঐচ্ছিক তহবিল অত্যন্ত সীমিত। এই যৎসামান্য অর্থ দিয়ে বিশাল ও তাৎক্ষণিক চাহিদা পূরণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ কারণে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে সংসদ সদস্যের অনুকূলে বার্ষিক পাঁচ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ‘উন্নয়ন সহায়তা’ খাতে বরাদ্দ রয়েছে ৩ হাজার ২৫৫ কোটি টাকা। এ বরাদ্দের মধ্য থেকে সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল ব্যবহার করে বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।
সাধারণত এ তহবিলের অর্থ দিয়ে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন জনসেবামূলক অবকাঠামো নির্মাণ ও সংস্কার করা হয়।
এম







































