ঢাকা : বিএনপির কারাবন্দি শীর্ষ নেতাদের মুক্তি নিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বক্তব্য একান্তই ব্যক্তিগত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৮ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সমঝোতা হলে বিএনপি নেতাকর্মীদের জেল থেকে ছেড়ে দেয়া হবে এমন কোনো প্রস্তাব আওয়ামী লীগ দেয়নি। এটি কৃষিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য। আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। নির্বাচনে আসার জন্য কারও অপরাধ ক্ষমা করা হবে না।
নির্বাচন নিয়ে ৪০ বুদ্ধিজীবীর বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। বিএনপির নাশকতা, হরতাল, অবরোধ যে বুদ্ধিজীবীরা সাপোর্ট করছেন তারা বিএনপির দালাল। তাদের দেশ ও জনগণের ওপর কোনো দায়বদ্ধতা নেই।
এসময় ঢালাওভাবে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না উল্লেখ করে কাদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে পরিকল্পনার অংশ হিসেবেই জেলে রাখা হয়েছে বিএনপি নেতাদের। তাদের নির্বাচনে আসার জন্য বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাগিদ দেয়া হয়েছে। নির্বাচনে এলে ছাড় দেয়ার প্রস্তাবে রাজি হয়নি তারা। নির্বাচন গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগের চেষ্টার কমতি নেই।
সংবাদ সম্মেনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এমটিআই


























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




