• ঢাকা
  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিমানবন্দরে আগুন শেখ হাসিনার নাশকতার অংশ: বিএনপি নেতা আমান


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০২৫, ০২:৪৩ পিএম
বিমানবন্দরে আগুন শেখ হাসিনার নাশকতার অংশ: বিএনপি নেতা আমান

ফাইল ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনাকে ‘নাশকতার অংশ’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন, তাই এ ঘটনাকে স্বাভাবিক বলা যায় না।

মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ৯০–এর ছাত্র-গণঅভ্যুত্থানের নেতা ও ডেমাক্রেটিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।

আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনা এখনো বিদেশে বসে দেশের বিরুদ্ধে নানা চক্রান্ত চালাচ্ছেন। তাঁর প্রেতাত্মা এখনো দেশের সর্বত্র সক্রিয়। তিনি দাবি করেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি করা হচ্ছে। বিমানবন্দরের আগুনের ঘটনাও সেই ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে তাঁর সন্দেহ।

তিনি বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। বিএনপি সে সময়ই নির্বাচনের প্রত্যাশা করছে। তবে নির্বাচন নিয়ে নানা মহলে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, যারা নির্বাচন ঠেকাতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে।

বিএনপির এই নেতা বলেন, জনগণ এখন নিজের ভোটের অধিকার ফিরে পেতে চায়। দীর্ঘ সময় ধরে তারা সেই অধিকার থেকে বঞ্চিত। তাই নির্বাচন বানচালের কোনো চেষ্টা সফল হবে না।

স্মরণসভায় সাইফুদ্দিন আহমেদ মনিকে স্মরণ করে আমান উল্লাহ আমান বলেন, তিনি নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র ঐক্যের অন্যতম রূপকার ছিলেন। সাধারণ ও ত্যাগী জীবনযাপনের মধ্য দিয়ে রাজনীতিতে নিজেকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলেছিলেন। রাজনীতির বাইরের কোনো চিন্তা তিনি কখনো করেননি।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবীর খোকনসহ অন্যান্য নেতারা।

এসএইচ
 

Link copied!