• ঢাকা
  • শনিবার, ০২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচনকালীন এনসিপিতে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা নুসরাত তাবাসসুমের


নিউজ ডেস্ক ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:০৮ এএম
নির্বাচনকালীন এনসিপিতে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা নুসরাত তাবাসসুমের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নির্বাচনকালীন সময়ে দলটির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রাখার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলের অবস্থান ও সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান নুসরাত তাবাসসুম। তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে এনসিপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং এরই মধ্যে দলীয় মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। তার বাড়ি দৌলতপুর উপজেলায়।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, এনসিপি গঠনের সময় যে আদর্শ ও রাজনৈতিক দর্শন তুলে ধরা হয়েছিল—গণতন্ত্রের ভারসাম্যপূর্ণ চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা ও বাংলাদেশকেন্দ্রিক রাজনীতি—সেগুলোই ছিল তার রাজনৈতিক স্বপ্ন। এনসিপির ঘোষণাপত্র ও দলীয় নথিপত্রে এসব মূল্যবোধ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

তবে বর্তমান পরিস্থিতিতে তিনি মনে করেন, জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে শর্তসাপেক্ষে অংশগ্রহণের সিদ্ধান্তের মাধ্যমে এনসিপির শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকেরা দলের মূল দর্শন থেকে সরে এসেছেন। বিশেষ করে অতীতে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণার পর হঠাৎ জোট রাজনীতিতে যাওয়াকে তিনি তৃণমূল নেতাকর্মী ও মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন।

এই প্রেক্ষাপটে নুসরাত তাবাসসুম জানান, তিনি আপাতত নির্বাচনকালীন সময়ে এনসিপির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রাখছেন। পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও পোস্টে উল্লেখ করেন।

এম

Link copied!