ছবি : সংগৃহীত
ঢাকা: জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, সরকার ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা ঠিক করে দিলেও বাজারে ২২০০ টাকার নিচে পাওয়া যায় না।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে এই অভিযোগ করেন।
রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষই গ্যাস পায় না,”।
নিজ নির্বাচনি এলাকা সরাইলের আবাসিক গ্রাহকদের দুর্ভোগের কথা তুলে ধরে রুমিন বলেন, সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাসের চাপ থাকে না, চুলা ‘মিটিমিট করে জ্বলে’। কখনও ‘মন চাইলে একঘণ্টার জন্য গ্যাস আসে’, তারপর রাত পর্যন্ত আর গ্যাস থাকে না। শীতকালে এ সমস্যা আরও বেড়ে যায়।
স্বতন্ত্র এই এমপি বলেন, “১৯৪০ টাকার এলপিজি সিলিন্ডার বলে বটে, কিন্ত ২২০০ টাকার নিচে সিলিন্ডার পাওয়া যায় না। আর বিদ্যুতের চুলার কথা বলি যদি, ঢাকা শহরে ১-২ ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামে সেটা ১৪ ঘণ্টা পর্যন্ত গড়ায়। গ্যাস ছাড়া চুলা জালানোর জ্বালানি নেই।”
নিজের জেলায় গ্যাস নিশ্চিত করার দাবি তুলে এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, “আমার দাবি থাকবে আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপর এটি অন্য এলাকায় যাবে।”
জবাবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় সরবরাহ কমেছে।
তিনি বলেন, “উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য আমরা শিল্পকারখানায় যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি।”
আগের সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য কোনোরকম অনুসন্ধান করে নাই। আমরা ক্ষমতায় আসার পরে বাপেক্সকে শক্তিশালী করে অনুসন্ধান কাজ শুরু করেছি।
পিএস







































