• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টিএসসি-সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৬, ০৮:২৪ পিএম
টিএসসি-সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ,  ফার্মগেটে বাসে আগুন

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর দুই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর এই দুই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, টিএসসি এলাকায় এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনের মধ্যে একজনের সঙ্গে একটি ব্যাগ ছিল। ব্যাগটিতে বিস্ফোরকজাতীয় কোনো বস্তু থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর ব্যাগটি পরীক্ষা ও সম্ভাব্য বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়করণ (ডিসপোজাল) ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যে শাহবাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।

এদিকে সিএমএম আদালত এলাকায় থেকে হাতেনাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এছাড়া রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে আনে।

পিএস

Link copied!