• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৯, ২০২৬, ০৪:৪৭ পিএম
ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

ছবি : সংগৃহীত

ঢাকা: আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। অবশেষে ম্যাচ আর মাঠে গড়ানোর অপেক্ষা করা লাগেনি খেলোয়াড় কিংবা দর্শক কারোরই। ড্রেসিংরুম থেকে বাংলাদেশের ক্রিকেটারদের মাঠে নেমে এসে আম্পায়ার ও সফরকারীদের সঙ্গে করমর্দন করতে দেখা গেল। এতে সিলেট টেস্ট শেষ হলো সমতায়।

সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হলেও প্রথম ম্যাচে মিরপুরে হারের মুখ দেখেছিল টাইগাররা। ফলে দুই ম্যাচের সিরিজ ১-০ তে হারল বাংলাদেশ।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপাকে পড়লেও তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বাংলাদেশ। তবে ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতে গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। 

দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৩৯৮ রানে। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয় পেসারদের বিপক্ষে শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তবে অষ্টম ওভারে স্পিন আক্রমণে আসেন ওয়ারিকান। আর তাতেই ভাঙে ৩৩ রানের উদ্বোধনী জুটি। ২১ রান করে তার বলে উইকেটরক্ষক জোশুয়া ডা সিলভার হাতে ক্যাচ দেন তানজিদ হাসান। ৩২ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও ফেরান ওয়ারিকান। ২৭ বলে ১৪ রান করা শান্তকে প্রথমে আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সফল হয় ওয়েস্ট ইন্ডিজ। ৪০ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। প্রথম সেশন শেষ হওয়ার আগে ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

লাঞ্চের পর ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। দুজনের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১৩৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন হৃদয়। তবে ৮২ রানে তার ইনিংস থামিয়ে দেন সেই ওয়ারিকান।

হৃদয়ের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। শামার জোসেফের বলে বোল্ড হওয়ার আগে ৪৯ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার।

এরপর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ মিলে দিনের বাকি সময়টা কাটানোর চেষ্টা করেন। কিন্তু আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি খেলা। লিটন ৭ ও মিরাজ ১ রান নিয়ে অপরাজিত থাকেন।

পিএস

Link copied!