ছবি : সংগৃহীত
ঢাকা: জীবন বীমা করে আর্থিক নিরাপত্তার প্রত্যাশা করেন গ্রাহকেরা। পলিসির মেয়াদ শেষে কিংবা বীমাগ্রহীতার মৃত্যুর পর নির্ধারিত অর্থ পাওয়ার কথা তাঁদের। কিন্তু বাস্তবে অনেক গ্রাহকই সেই অর্থ পাচ্ছেন না। দেশের ৩৬টি জীবন বীমা কোম্পানির কাছে গ্রাহকদের প্রায় ৪ হাজার ৮৯৪ কোটি ৪৮ লাখ টাকার দাবি অনিষ্পন্ন রয়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির মোট দাবির প্রায় ৯৯ শতাংশই এখনো পরিশোধ করা হয়নি।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই-সেপ্টেম্বর) ৩৬টি জীবন বীমা কোম্পানির কাছে গ্রাহকদের মোট দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ১৪১ কোটি ২১ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানিগুলো পরিশোধ করেছে ২ হাজার ২৪৬ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ মোট দাবির মাত্র ৩১ দশমিক ৫ শতাংশ নিষ্পত্তি হয়েছে। বাকি ৬৮ দশমিক ৫ শতাংশ বা ৪ হাজার ৮৯৪ কোটি ৪৮ লাখ টাকা এখনো অনিষ্পন্ন।
আইডিআরএর তথ্য বিশ্লেষণে দেখা যায়, দাবি পরিশোধের ক্ষেত্রে কোম্পানিগুলোর মধ্যে বড় ধরনের বৈষম্য রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান তাদের সব দাবি পরিশোধ করলেও কোনো কোনো কোম্পানির দাবি নিষ্পত্তির হার ১ শতাংশেরও নিচে।
ফারইস্টে সবচেয়ে বেশি দাবি অনিষ্পন্ন
৩৬টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি অনিষ্পন্ন দাবি রয়েছে ফারইস্ট ইসলামী লাইফের। কোম্পানিটির মোট দাবি ৩ হাজার ৭৭২ কোটি ৭১ লাখ টাকা। এর বিপরীতে পরিশোধ করেছে মাত্র ৪২ কোটি ৯১ লাখ টাকা। বাকি ৩ হাজার ৭২৯ কোটি ৭৯ লাখ টাকা অনিষ্পন্ন রয়েছে। অর্থাৎ কোম্পানিটির মোট দাবির প্রায় ৯৮ দশমিক ৯ শতাংশই এখনো পরিশোধ করা হয়নি।
বড় অঙ্কের অনিষ্পন্ন দাবির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ। কোম্পানিটির ২৮১ কোটি ৪৪ লাখ টাকার দাবির বিপরীতে পরিশোধ হয়েছে মাত্র ৫ কোটি ৬১ লাখ টাকা। সানফ্লাওয়ার লাইফের ২১৬ কোটি ৭৮ লাখ টাকার মধ্যে পরিশোধ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। প্রগ্রেসিভ লাইফের ১৬১ কোটি ৫৯ লাখ টাকার দাবির বিপরীতে পরিশোধ হয়েছে ১৩ কোটি ৩৪ লাখ টাকা।
এ ছাড়া বায়রা লাইফের মোট দাবি ৮০ কোটি ৮৩ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানিটি পরিশোধ করেছে মাত্র ২৫ লাখ টাকা। ফলে প্রতিষ্ঠানটির দাবি নিষ্পত্তির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩ শতাংশে। হোমল্যান্ড লাইফের ৬৮ কোটি ৫৩ লাখ টাকার দাবির মধ্যে পরিশোধ হয়েছে ১ কোটি ৭৬ লাখ টাকা। গোল্ডেন লাইফের ৫৬ কোটি ৩৯ লাখ টাকার মধ্যে ৩ কোটি ২১ লাখ টাকা এবং সানলাইফের ৩৩ কোটি ২৫ লাখ টাকার মধ্যে ১ কোটি ৮৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
বড় কোম্পানিগুলোর মধ্যে এগিয়ে মেটলাইফ
বড় অঙ্কের দাবি থাকা সত্ত্বেও কয়েকটি কোম্পানি তুলনামূলক ভালো হারে দাবি পরিশোধ করেছে। মেটলাইফ বাংলাদেশের মোট দাবি ৭৫৭ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে ৬৯০ কোটি ৭২ লাখ টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। অনিষ্পন্ন রয়েছে ৬৬ কোটি ৩৮ লাখ টাকা।
দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের দাবি নিষ্পত্তির হার ভালো। প্রতিষ্ঠানটির ৩৪৪ কোটি ৩৮ লাখ টাকার দাবির মধ্যে ৩৩৭ কোটি ৬৩ লাখ টাকা পরিশোধ হয়েছে। রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশনের ২৩৮ কোটি ১১ লাখ টাকার দাবির বিপরীতে পরিশোধ হয়েছে ১৯৩ কোটি ৬৭ লাখ টাকা। গার্ডিয়ান লাইফ ২০৮ কোটি ৬৯ লাখ টাকার দাবির মধ্যে ১৮৯ কোটি ৩২ লাখ টাকা পরিশোধ করেছে।
ডেল্টা লাইফের ১৭৮ কোটি ২৫ লাখ টাকার দাবির বিপরীতে পরিশোধ হয়েছে ১১১ কোটি ১৩ লাখ টাকা। পপুলার লাইফ ১৫৫ কোটি ৭১ লাখ টাকার মধ্যে ১৫১ কোটি ৬৮ লাখ টাকা এবং প্রাইম ইসলামী লাইফ ১৪১ কোটি ১৮ লাখ টাকার মধ্যে ৬৯ কোটি ১১ লাখ টাকা পরিশোধ করেছে। প্রগতি লাইফের ১১৫ কোটি ১২ লাখ টাকার দাবির বিপরীতে পরিশোধ হয়েছে ১১১ কোটি ৮২ লাখ টাকা।
এ ছাড়া মেঘনা লাইফের ৬২ কোটি ৩৯ লাখ টাকার দাবির মধ্যে ৫৭ কোটি ৩৪ লাখ টাকা, সন্ধানী লাইফের ৪৪ কোটি ৭২ লাখ টাকার মধ্যে ৪২ কোটি ৫৯ লাখ টাকা এবং রূপালী লাইফের ৩৪ কোটি ৯৭ লাখ টাকার মধ্যে ৩৪ কোটি ১৩ লাখ টাকা পরিশোধ হয়েছে।
শতভাগ দাবি পরিশোধ তিন কোম্পানির
ছোট ও মাঝারি আকারের কয়েকটি কোম্পানির দাবি পরিশোধের হারও তুলনামূলক ভালো। চার্টার্ড লাইফের ৮ কোটি ৭৯ লাখ টাকার দাবির বিপরীতে ৮ কোটি ৫৭ লাখ টাকা, বেঙ্গল ইসলামী লাইফের ৬ কোটি ২৫ লাখ টাকার মধ্যে ৫ কোটি ৬২ লাখ টাকা এবং শান্তা লাইফের ৬ কোটি ৪ লাখ টাকার মধ্যে ৫ কোটি ৭৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
আস্থা লাইফের ৪ কোটি ৬৮ লাখ টাকার মধ্যে ৪ কোটি ৬৭ লাখ টাকা, জেনিথ ইসলামী লাইফের ৩ কোটি ৭৬ লাখ টাকার মধ্যে ৩ কোটি ৬৭ লাখ টাকা এবং ট্রাস্ট ইসলামী লাইফের ৩ কোটি ৩৫ লাখ টাকার মধ্যে ৩ কোটি ৩৩ লাখ টাকা পরিশোধ হয়েছে।
বেস্ট লাইফের ১ কোটি ৭৮ লাখ টাকার মধ্যে ১ কোটি ৬৬ লাখ টাকা, আকিজ তাকাফুল লাইফের ১ কোটি ৭৪ লাখ টাকার মধ্যে ১ কোটি ৭২ লাখ টাকা এবং ডায়মন্ড লাইফের একই পরিমাণ দাবির বিপরীতে ১ কোটি ৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশের ১ কোটি ৫৬ লাখ টাকার মধ্যে ১ কোটি ৫৫ লাখ টাকা, স্বদেশ লাইফের ৯১ লাখ টাকার মধ্যে ৯০ লাখ টাকা এবং এনআরবি ইসলামী লাইফের ৮৭ লাখ টাকার মধ্যে ৮১ লাখ টাকা পরিশোধ হয়েছে।
অন্যদিকে আলফা ইসলামী লাইফ, মার্কেন্টাইল ইসলামী লাইফ ও সোনালী লাইফ তাদের মোট দাবি শতভাগ পরিশোধ করেছে। কোম্পানি তিনটির মোট দাবির পরিমাণ যথাক্রমে ১১ কোটি ২৪ লাখ, ৪ কোটি ৯৬ লাখ ও ১২৪ কোটি ২৭ লাখ টাকা।
জীবন বীমা খাতের এ চিত্রে গ্রাহকদের দাবি পরিশোধে কোম্পানিগুলোর সক্ষমতার বড় ধরনের পার্থক্য স্পষ্ট হয়েছে। বিশেষ করে ফারইস্ট ইসলামী লাইফসহ কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের দাবি বছরের পর বছর অনিষ্পন্ন থাকার বিষয়টি গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করছে। এ পরিস্থিতিতে বীমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা যাচাই, দাবি পরিশোধে বিলম্বের কারণ অনুসন্ধান এবং গ্রাহকদের পাওনা দ্রুত নিষ্পত্তিতে আইডিআরএর কার্যকর তদারকি প্রয়োজন।
এএইচ/পিএস







































