ফাইল ছবি
ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এখন পর্যন্ত ৪৬৬ জন প্রাণ হারিয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে তিনজন মারা গেছেন। আর ময়মনসিংহ বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ১ হাজার ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২২৪ জন মারা গেছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।
পিএস







































