ছবি : সংগৃহীত
ঢাকা: প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। সোমবার (২৭ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১২ বল ও ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন সাইফ হাসান ও তানজিদ তামিম। তবে পাওয়ার প্লের শেষ ওভারে সাজঘরে ফেরেন সাইফ। ১৬ বলে ১৭ রান করেন তিনি। ব্যাট করতে মাঠে নামেন লিটন। তবে ১ ছক্কা ও ২ চারে ১৫ বলে ২১ রান করে সৌধির বলে বোল্ড হয়ে ফেরেন টাইগার অধিনায়ক।
এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তানজিদ তামিমও। ২৫ বলে মাত্র ২০ রানে করে ফেরেন তিনি। এরপর দলের হাল ধরেন পারভেজ ইমন ও তাওহীদ হৃদয়। মাঠে ভালই সময় কাটছিল এই দুজনের। তবে ২ ছক্কা ও ১ চারে ১৪ বলে ২৮ রান করে আউট হন ইমন। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে লড়াই চালাতে থাকেন হৃদয়। ইমনে আউটের পর পিচে এসে তাণ্ডব শুরু করেন শামীম পাটোয়ারী।
শেষ পর্যন্ত শামীমের ১৩ বলের ৩১ রান এবং হৃদয়ের ২৭ বলের অপরাজিত ৫১ রানে ভর করে ১২ বল ও ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৮২ রান করে নিউজিল্যান্ড। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান তোলে নিউজিল্যান্ড। ক্লার্ক-ক্লেভারের উইলোবাজির জুটি ফিফটি ছুঁয়ে। দলের ৯৯ রানের মাথাতে ২৮ বলে ৫১ রান করে থামেন ক্লেভার।
অন্যদিকে ক্লার্ক বিদায় নিয়েছেন দলীয় ১১০ রানের মাথায়, ৩৭ বলে ৫১ রানের ইনিংস খেলে। দুজনকেই ফিরিয়েছেন রিশাদ হোসেন। এরপর বিদায় নেন বেভন জ্যাকবস এবং ডিন ফক্সক্রফটও। ২ বলে ১ রান করা জ্যাকবসকে বিদায় করেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে ৭ বলে ৩ রান করা ফক্সক্রফটকে বিদায় করেছেন শেখ মেহেদী হাসান।
চারে নামা নিক কেলি ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। ২৭ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলে দলের ১৬২ রানের মাথাতে থামেন ভারপ্রাপ্ত কিউই অধিনায়ক। কেলিকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।
পিএস







































