• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুপুরের মধ্যে ৪ অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কবার্তা


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০২৬, ০৯:৩১ এএম
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কবার্তা

ঢাকা: চৈত্র মাসের শুরুতেই দেশের প্রকৃতিতে বৈরী আবহাওয়ার আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার (১৫ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা প্রদান করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের সাথে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

কেবল নির্দিষ্ট চারটি অঞ্চলই নয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সাথে আকাশজুড়ে বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাতের বিষয়েও সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, চৈত্র মাসে এমন হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি সাধারণ বিষয় হলেও এবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে শিলার কারণে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নদীবন্দরে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সাবধানে তীরের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!