ছবি: প্রতিনিধি
দীর্ঘ প্রায় ২৩ মাস পর আবার উৎপাদনে ফিরেছে উপমহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। গ্যাস সংযোগ পুনরায় পাওয়ার পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত কারখানাটিতে আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের ১৫ জানুয়ারি বিসিআইসি যমুনা সার কারখানার গ্যাস সংযোগ প্রত্যাহার করলে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ এই সময়ে কারখানাটি অচল অবস্থায় ছিল। অবশেষে চলতি বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পুনরায় কারখানায় গ্যাস সংযোগ প্রদান করে।
গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানার ভেতরে থাকা যন্ত্রপাতির বিভিন্ন ত্রুটি মেরামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। সব প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়, যা বিকেল ৫টার দিকে পূর্ণাঙ্গ উৎপাদনে রূপ নেয়।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। বর্তমানে কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪২ হাজার টন। দীর্ঘ বিরতির পর উৎপাদন শুরু হওয়ায় কারখানার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সংশ্লিষ্ট মহলেও স্বস্তি ফিরে এসেছে।
এসএইচ







































