• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরগুনা-১ আসনে হাতপাখার বিজয়ের আশা প্রকাশ চরমোনাই পীরের


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৫৭ পিএম
বরগুনা-১ আসনে হাতপাখার বিজয়ের আশা প্রকাশ চরমোনাই পীরের

ছবি: প্রতিনিধি

বরগুনা: বাংলাদেশের কোথাও হাতপাখা প্রতীকের প্রার্থী এখনও নির্বাচিত না হলেও বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী বিজয়ী হবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আমতলী পৌরসভা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার আয়োজনে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক প্রার্থীর সঙ্গে গোপনে দেখা হয়েছে এবং তারা জানিয়েছেন, বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসনেই হাতপাখার বিজয় নিশ্চিত হবে।

চরমোনাই পীর তাঁর মরহুম পিতার বক্তব্য স্মরণ করে বলেন, “দক্ষিণাঞ্চলের সাগরের পাড় থেকেই ইসলামের বিজয় পতাকা উঠবে। আজ আমরা সেই অঞ্চলের কথা মনে করলে আনন্দে ভরে যাই।” তিনি সংসদে গেলে সোনার বাংলা, সবুজ বাংলা ও ডিজিটাল বাংলার পাশাপাশি ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় ব্যক্ত করেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি মো. অলি উল্লাহকে বিজয়ী করেন, বরগুনা-১ আসনকে একটি মডেল আসনে পরিণত করা হবে।” তিনি ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরের পরিস্থিতিও উল্লেখ করে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ সকলের জানমাল রক্ষায় তারা পাহারাদারের ভূমিকা পালন করেছেন।

সভায় বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে আনুষ্ঠানিকভাবে বরগুনা-১ ও বরগুনা-২ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন চরমোনাই পীর।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!