• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে কফিন পরে তৃণমূলের বিক্ষোভ


কিশোরগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:১৮ পিএম
বিএনপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে কফিন পরে তৃণমূলের বিক্ষোভ

ফাইল ছবি

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির সদ্য ঘোষিত প্রার্থী সৈয়দ এহসানুল হুদাকে তাঁর নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করে তারা আগের ঘোষিত প্রার্থীকে মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

শনিবার বিকেলে বাজিতপুর উপজেলা সদরে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা সদ্য ঘোষিত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিল করে প্রথম দফায় মনোনয়ন পাওয়া বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে পুনরায় প্রার্থী করার আহ্বান জানান। দাবি মানা না হলে দল থেকে গণপদত্যাগের হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশ শেষে কয়েকশ নেতাকর্মী কাফনের কাপড় পরে একটি বিশাল মশাল মিছিল বের করেন। মিছিলটি বাজিতপুর পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলার মাঠে গিয়ে শেষ হয়।

জানা গেছে, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় সৈয়দ এহসানুল হুদা তাঁর বাবার গড়া রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাতীয় দল’ বিলুপ্ত ঘোষণা করেন। একই সঙ্গে ১২ দলীয় জোটের সমন্বয়কের পদ ছেড়ে বিএনপির সদস্য হন তিনি। পরে কেন্দ্রীয় বিএনপি দ্বিতীয় দফায় তাকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে।

এর আগে এই আসনে বিএনপি প্রথম দফায় মনোনয়ন দিয়েছিল দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে। হঠাৎ মনোনয়ন পরিবর্তনের ঘটনায় বাজিতপুর ও নিকলী উপজেলায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, দুঃসময়ে দলের পাশে থাকা ইকবালকে প্রার্থী করায় তৃণমূল কর্মীরা উচ্ছ্বসিত ছিলেন। নির্বাচনের প্রস্তুতির মধ্যেই মনোনয়ন পাল্টে দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সৈয়দ এহসানুল হুদা বিএনপির দুঃসময়ে কখনো মাঠে ছিলেন না। তৃণমূল তাকে প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নয়। বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানানো হয়েছে।

মনোনয়ন নিয়ে এই বিরোধে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে এলাকায় আবারও দ্বন্দ্ব ও সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!