• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা


নোয়াখালী প্রতিনিধি নভেম্বর ৯, ২০২৬, ০৩:০২ পিএম
বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম প্রকাশ মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির সীমানা ও জমি নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাতে দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমন ও ফুয়াদের ছুরিকাঘাতে মনা গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে আহত হন মামুনও।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন অভিযুক্তদের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় দুজনকে আটক করে।

এসএইচ 

Link copied!