ছবি: প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের চরাঞ্চলে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির উদ্যোগে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া এলাকায় ৩০০ জন অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। এ সময় তিনি বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশায় সীমান্তবর্তী খেটে খাওয়া শীতার্ত জনসাধারণ চরম দুর্ভোগে পড়ে। তাদের কষ্ট লাঘব করতেই বিজিবির পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে বিজিবির নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে শীতকালে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে।
কম্বল পেয়ে খুশি শীতার্ত অসহায় ও দুস্থ মানুষেরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, প্রচণ্ড শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে।
বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। আগামীতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসএইচ







































