• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ


‎বাগেরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:১১ পিএম
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন প্রার্থীর সমর্থকেরা।

স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাঁর সমর্থকদের অভিযোগ, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুজ্জামান খোকনের ভাই জাহিদ মোল্লার নেতৃত্বে একদল লোক সন্ধ্যা সাতটার দিকে নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও নির্বাচনী প্রচারসামগ্রী ভাঙচুর করে এবং নগদ ৬৬ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।

প্রার্থীর কর্মীদের আরও অভিযোগ, ওই দিন দুপুরে শহিদুজ্জামান খোকন কার্যালয়ে এসে হামলার হুমকি দেন। তাদের দাবি, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে শহিদুজ্জামান খোকন বলেন, দুপুরে কচুয়া প্রেসক্লাবে ঘোড়া প্রতীকের একটি সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন। হামলার ঘটনার বিষয়ে পরে শুনেছেন জানিয়ে তিনি বলেন, ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছিল বলে তিনি ঘটনাস্থলে যাননি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!