• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইয়াবা সেবনের সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪


পিরোজপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০২:১৭ পিএম
ইয়াবা সেবনের সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ১১ টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান ওরফে ব্ল্যাক রুবেল, পাথরঘাটার মো. জসিম উদ্দিন ও মঠবাড়িয়ার পশ্চিম মিঠাখালী এলাকার মনির হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সম্পূর্ণ সোচ্চার এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে কোনো রাজনৈতিক দল বা সামাজিক পরিচয়ের হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। 

পিএস

Link copied!