ছবি : প্রতিনিধি
ঢাকা: মাত্র কয়েক ঘণ্টা বাকি জাতীয় সংসদ নির্বাচনের। নির্বাচনে ভোটগ্রহণের জন্য সারাদেশে সব ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব বন্টন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সব কেন্দ্রেই পুরুষের পাশাপাশি দায়িত্ব পালন করবেন নারীরাও। তবে ব্যতিক্রম কেবল চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের রূপসা দক্ষিণ ইউনিয়ন।
এই ইউনিয়নের নারীরা গত ৫৪ বছর ধরে পীরের কথা মেনে ভোট দেওয়া থেকে বিরত রয়েছেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবে নারীদের ভোটের জন্য নারী ম্যাজিস্ট্রেটসহ সব কর্মকর্তার জায়গায় নারীদের নিয়োগ করা হয়েছে।
জানা গেছে, ৭০ দশকের জৈনপুরের পীরের অনুরোধ মেনে রূপসা দক্ষিণের নারীরা ওই এলাকার কোনো ভোটের সময়েই ভোট দিতে যান না। মাঝে মধ্যে দুএকটি ভোটের সময় প্রার্থীদের কাছের আত্মীয়রা ভোট দিলেও তার পরিমাণ ছিল নামমাত্র। যদিও ভোট ছাড়া আর বাকী সব কাজেই ওই ইউনিয়নের নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার নারীদের পর্দা নিশ্চিত করে যেকোনো মূল্যে নারীদের ভোট দেওয়ার জন্য উদ্যোগ নেন। সেই উদ্যোগের অংশ হিসেবে রূপসা দক্ষিণের ইউনিয়নের মোট ৮টি কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। ওই ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ২৯৯ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৮টি কেন্দ্রে নারী ভোটের জন্য ২০টি বুথ তৈরি করা হয়েছে। ওই বুথগুলোর জন্য সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, আনসার ভিডিপি এবং ৮টি কেন্দ্রের জন্য একজন নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া ৮ জন প্রার্থীকে ওই বুথগুলোতে নারী পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য চিঠি ও মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, নারীদের পর্দা মেনে ভোট দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে ওই ইউনিয়নে ইতোমধ্যেই ব্যপক প্রচারণার মাধ্যমে জানানো হয়েছে। আশা করছি এবার নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে আসবেন।
পিএস






































