• ঢাকা
  • বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাকিমপুরের ২৮ কেন্দ্রে সরঞ্জাম পৌঁছাচ্ছে, জোরদার নিরাপত্তা


দিনাজপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:২৯ পিএম
হাকিমপুরের ২৮ কেন্দ্রে সরঞ্জাম পৌঁছাচ্ছে, জোরদার নিরাপত্তা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২৮টি ভোটকেন্দ্রে পৌঁছে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সরঞ্জাম। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদেরও কেন্দ্রে পাঠানো হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রিজাইডিং অফিসারদের কাছে একযোগে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন।

সরঞ্জামের মধ্যে রয়েছে সাধারণ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার, অমোচনীয় কালি, সিল-প্যাডসহ মোট ৪৬ ধরনের সামগ্রী। এসব মালামাল নিয়ে আনসার-ভিডিপির সদস্যরা নিজ নিজ কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন।

দিনাজপুর-৬ আসনটি হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর—এই চারটি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকায় ৪ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‍্যাব, ৪টি পুলিশ মোবাইল টিম, ২টি স্ট্রাইকিং ফোর্স, আনসারের ২ প্লাটুন এবং অতিরিক্ত স্ট্রাইকিং সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
 

এসএইচ 

Wordbridge School
Link copied!