• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গৌরনদীতে পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে পিকআপচালক আটক


বরিশাল অফিস এপ্রিল ১৫, ২০২৬, ০৮:১০ পিএম
গৌরনদীতে পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে পিকআপচালক আটক

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে চেকপোস্টে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে এক পিকআপচালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাত্তার হোসেন। তিনি পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা–বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোস্টে অতিরিক্ত গতির কারণে একটি পিকআপ থামানো হয়। এ সময় গাড়ির কাগজপত্রে অসঙ্গতি থাকায় চালকের বিরুদ্ধে মামলা করা হয়।

গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবুল বাসার জানান, কাগজপত্র যাচাইয়ের সময় চালক নিজেকে বিশেষ শাখার (এসবি) সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তার কাছে পরিচয়পত্র নম্বর চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।

পরে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

অন্যদিকে আটক সাত্তার হোসেন দাবি করেন, তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেননি। তিনি বলেন, কাগজপত্র দেখানোর পর তাকে আবারও থামানো হলে তিনি শুধু বলেছেন, তিনি পুলিশ পরিবারের সদস্য। এরপরও তাকে আটক করা হয় বলে দাবি করেন তিনি।

এসএইচ 

Link copied!