ফাইল ছবি
দেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে সরকারের কাছে জোরালো নীতি সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি।
বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে এক বৈঠকে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান পোশাক শিল্পের বর্তমান সংকট তুলে ধরেন।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং দেশের গ্যাস-বিদ্যুতের ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এর সঙ্গে কাঁচামালের দাম বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বাড়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
বৈঠকে তৈরি পোশাক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আরএমজি সাসটেইনেবল কাউন্সিল-এর কার্যক্রম ও এর পরিধি নিয়ে সংগঠনটির অবস্থান তুলে ধরা হয়। বিজিএমইএ জানায়, এই কাউন্সিল মূলত ভবন, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা তদারকির জন্য গঠিত। এর বাইরে সামাজিক বিষয়গুলো যুক্ত হলে শিল্পে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।
বৈঠকে আমদানি ও বন্ড নীতি সহজীকরণ, রপ্তানিতে প্রণোদনার ওপর কর প্রত্যাহার এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূরসহ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরা হয়। পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী বিজিএমইএ নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে পোশাক শিল্পের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই খাতের সক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে।
এসএইচ







































