• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মনিকে মন্ত্রী হিসেবে দেখতে চায় উপকূলবাসী


বরগুনা প্রতিনিধি:  ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:৩৩ পিএম
মনিকে মন্ত্রী হিসেবে দেখতে চায় উপকূলবাসী

ছবি : প্রতিনিধি

বরগুনা :-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে বিএনপি’র ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একাধিকবার নির্বাচিত হওয়ার কারণে তিনি এ অঞ্চলের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন। এ কারণে উপকূলবাসী এবার নূরুল ইসলাম মনিকে মন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।

নির্বাচনের ফল ঘোষণার পর পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সঙ্গে সঙ্গে মিষ্টি বিতরণ করা হয়েছে এবং স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন।

আলহাজ্ব নূরুল ইসলাম মনি ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৯৯১ ও ২০০১ সালে একই আসন থেকে বিজয়ী হন। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নূরুল ইসলাম মনি পেয়েছেন ৯০ হাজার ৬৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী (দাঁড়িপাল্লা) ডা. সুলতান আহমদ পেয়েছেন ৮৫ হাজার ২৪৭ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র ১২২টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৭৪০ জন। পোস্টাল ভোটার ছিলেন ৫ হাজার ৪ জন।

বরগুনা-২ আসনটি বিষখালী ও বলেশ্বর নদীবেষ্টিত উপকূলীয় জনপদ। এখানে নদীভাঙন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, মৎস্যসম্পদ উন্নয়ন, কৃষি ও অবকাঠামো উন্নয়ন গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত। নির্বাচনি ইশতেহারে নূরুল ইসলাম মনি এ অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, মৎস্য সম্পদের আধুনিকায়ন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ, জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণ, উপকূল রক্ষা বাঁধ শক্তিশালীকরণ, আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের বন্দরনগরী হিসেবে এলাকাকে গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। বিজয়ের পর স্থানীয়দের প্রত্যাশা আরও বেড়েছে।

পাথরঘাটা পৌর শহরের বাসিন্দা কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, “চারবারের এমপি হিসেবে মনি সাহেব এলাকার জন্য অনেক কাজ করেছেন। এবার আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে চাই, মনিকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করা হোক। তখন বরগুনা-২ আসনের উন্নয়ন আরও দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।”

বামনা উপজেলার শিক্ষক আলম বলেন, “উপকূলীয় এই অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে আরও বড় বিনিয়োগ দরকার। বরগুনা জেলায় কোন বিশ্ববিদ্যালয় নেই। যদি তিনি মন্ত্রিসভায় স্থান পান, তাহলে এসব খাতে বিশেষ প্রকল্প আনা সম্ভব হবে বলে আমরা আশা করছি।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনসমর্থন এবং সাংগঠনিক দক্ষতার কারণে আলহাজ্ব নূরুল ইসলাম মনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে শক্ত অবস্থানে রয়েছেন। তিনি মন্ত্রিত্ব পেলে উপকূলবাসীর জন্য সুফল বয়ে আনবে।

পিএস

Wordbridge School
Link copied!