• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদে থাকছে পশ্চিমাঞ্চল রেলের বিশেষ দুটি ট্রেন


রাজশাহী ব্যুরো  মার্চ ৪, ২০২৬, ১২:৫১ পিএম
ঈদে থাকছে পশ্চিমাঞ্চল রেলের বিশেষ দুটি ট্রেন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উত্তরাঞ্চলের মানুষের নিরাপদ ভ্রমণের জন্য  পশ্চিমাঞ্চল রেল দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবেন। ট্রেন দুটি জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচল করবে। এবারও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের জন্য থাকছে না বিশেষ কোনো ট্রেন। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মানুষের কিছুটা মন খারাপ হলেও উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ আনন্দিত। 

ইতোমধ্যে শুরু হয়ে গেছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এই টিকিট বিক্রি চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে এরপর থেকে। চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট। 

বিশেষ এই ট্রেন দুটির নাম পার্বতীপুর স্পেশাল ও জয়দেবপুর স্পেশাল। পার্বতীপুর স্পেশাল ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ১১টায় ছাড়বে। জয়দেবপুর পৌছাবে বিকেল ৩টা ২০ মিনিটে। আর জয়দেবপুর থেকে ছাড়বে বিকেল ৫টা ১০ মিনিটে। পাবর্তীপুর পৌছাবে রাত ৯টা ৪০ মিনিটে। জয়দেবপুর স্পেশাল ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল সাড়ে আটটায়। পার্বতীপুর পৌছাবে দুপুর ১২টা ৫০ মিনিটে। পার্বতীপুর থেকে ছাড়বে ৫টা ১০ মিনিটে। জয়দেবপুর পৌছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। 

ট্রেন দুটি যাত্রা বিরতি করবে চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, নাটোর, আহসানগঞ্জ, জয়পুরহাট, বিরামপুর ও ফুলবাড়ির্  স্টেশনে যাত্রাবিরতি করবে। একটি ট্রেনে আসনসংখ্যা থাকবে ৭৮৬টি। যাত্রীচাহিদা অনুযায়ী কোচ সংখ্যা বাড়ানোও হতে পারে। 
রেলওয়ে সূত্রে জানা গেছে, ইদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন রুটে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। চাহিদা অনুযায়ী যাত্রীবহুল ট্রেনগুলোতে বাড়তি চেয়ার ও স্লিপার কোচ যুক্ত করা হবে। পাশাপাশি রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করে পর্যাপ্ত সংখ্যক কোচ ও লোকোমোটিভ প্রস্তুত রাখা হচ্ছে।

ঢাকা-রাজশাহী, ঢাকা-খুলনা, ঢাকা-চিলাহাটি, ঢাকা-পঞ্চগড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে যাত্রীচাপ বিবেচনায় অতিরিক্ত সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনো কোচগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করা হচ্ছে। 

পশ্চিমাঞ্চল রেল ইদ উপলক্ষে ২১ মার্চ যাত্রী পরিবহনের জন্য থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীচাপ বিবেচনায় ১৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত নির্দিষ্ট কিছু আন্তঃনগর ট্রেনের অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। একইসঙ্গে ইদের পূর্বে ১৭ মার্চ থেকে ১৯ মার্চ এবং ইদের পরে ২৩ থেকে ২৬ মার্চ স্পেশাল ট্রেন পরিচালনা হবে। 

রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদেরও সময়মতো স্টেশনে উপস্থিত থাকা এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও টিকিট বিক্রি, নিরাপত্তা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে অফিস জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য মোতায়ন থাকবে, পাশাপাশি রেলওয়ে স্টেশনে প্রবেশ মুখে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের সমন্বয়ে ট্রাফিক সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হবে, জোনাল কন্ট্রোলও বিভাগীয় কান্ট্রোল অফিসের পাশাপাশি কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্টেশনে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ট্রেনের ভিতরে পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য কর্মকর্তাদের সমন্বয়ে স্পেশাল চেকিং প্রোগাম থাকবে। রেলপথ মেরামত ও রক্ষণাবেক্ষণে থাকবে বিশেষ নজর।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন,আসন্ন ইদুল ফিতর উপলক্ষে যাত্রীদের আরামদায়ক ও নিরাপত্তার কথা বিবেচনায় আমরা অগ্রিম প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি এবারের ইদ যাত্রা হবে স্বস্তির ও আনন্দের। তিনি রেলওয়ের যাত্রীদের কাছে থেকেও সবাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।#

এম

Wordbridge School
Link copied!