ফাইল ছবি
সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।
বুধবার (১৯ মার্চ) সকালে নিহতের বাবা শহীদ সওদাগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে গুরুতর আহত হন মামুন। পরে তাকে সেখানকার ডা. সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের মামাতো ভাই শাওন মড়ল জানান, বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান মামুন। তিনি এক ছেলে সন্তানের জনক।
আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
উল্লেখ, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন এবং মামুনসহ আরও কয়েকজন বাংলাদেশি প্রবাসী আহত হন। হামলায় মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল।
এসএইচ







































