• ঢাকা
  • বুধবার, ১৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, দুই ইসরায়েলি নিহত


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৮, ২০২৬, ০১:৩১ পিএম
ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, দুই ইসরায়েলি নিহত

ছবি : সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের বাণিজ্য নগরী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এতে অন্তত দুইজন নিহত হয়েছে। ইরান জানিয়েছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ পাঁচটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, নিরাপত্তা প্রধান আলি লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

এদিকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএএ) জানিয়েছে তেহরান।  আইএইএএর এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইরান বুসেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ওই হামলা হয়।

ইরানের হামলার পর ইসরায়েল বলেছে, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে, সেগুলো মাঝ আকাশে ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে, যা প্রতিরোধ করা কঠিন।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতে ঘনবসতিপূর্ণ তেল আবিবে এ হামলায় দুইজন নিহত হয়। এতে যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন দাভিদ আদোম জানিয়েছে, তেল আবিবের শহরতলী রামাত গানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে দুইজন গুরুতর আহত হওয়ার পর মারা যান। নিহতদের সত্তরোর্ধ এক দম্পতি বলে শনাক্ত করেছে হিব্রু গণমাধ্যম। তারা বোম্ব শেল্টারে যাওয়ার সময় আহত হয়েছিলেন বলে জানা গেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেল আবিবের একটি এলাকাকে লক্ষ্যস্থল করে খোররামশাহর-৪ ও কদর ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। লারিজানি হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়।

ইরানের আধা-স্বায়ত্তাশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে নিশানা করা হয়েছে সেগুলো হল, হাদেরা শহরে কাছে ওরত রাবিন তাপবিদ্যুৎ কেন্দ্র, আশকেলনের রুটেনবার্গ তাপবিদ্যুৎ কেন্দ্র, উত্তরাঞ্চলের অধিকৃত ইয়কনেয়ামের নিকটবর্তী হাগিত কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, আশদোদ শহরের এশকোল হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট ও কিরিয়াত মালাখি শহরের নিকটবর্তী হারুভিত (জাফিত) পাওয়ার প্ল্যান্ট।

পিএস

Wordbridge School
Link copied!