• ঢাকা
  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুক্তাগাছায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ


ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ২০, ২০২৬, ১২:২১ পিএম
মুক্তাগাছায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীর নির্যাতনে মার্জিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূ মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার কুমারগাতা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মার্জিয়া ওই এলাকার মাদেক মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারগাতা এলাকার কানু মিয়ার ছেলে ও সিভিল সার্জন অফিসের গাড়িচালক স্বাধীন মিয়ার সাথে দুই বছর আগে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে মার্জিয়ার বিয়ে হয়। নিহতের বাবা মাদেক মিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বাধীন বিভিন্ন সময় মার্জিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।

মাদেক মিয়া জানান, গত বুধবার (১৮ মার্চ) মার্জিয়াকে মারধর করে তার মোবাইল ফোন ভেঙে ফেলে স্বাধীন। বৃহস্পতিবার পুনরায় বেধড়ক মারধর করলে এক পর্যায়ে মার্জিয়ার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত স্বাধীন অত্যন্ত উগ্র প্রকৃতির এবং সে প্রায়ই তার বাবা-মাকেও মারধর করে বাড়ি থেকে বের করে দিত। ঘটনার দিন সকালে মার্জিয়াকে বাবার বাড়ি থেকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে স্বাধীন এবং পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার নাটক সাজানোর চেষ্টা করে। 

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্ত স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!