• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, ঈদের পরেই কার্যকর


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২৬, ০৭:৩৯ পিএম
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, ঈদের পরেই কার্যকর

ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় নতুন কিছু শর্ত যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ঈদুল ফিতরের পর শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে বদলি-সংক্রান্ত সফটওয়্যার নিয়ে আয়োজিত এক সভায় এ প্রস্তাব উঠে আসে। সভায় জানানো হয়, বর্তমানে বদলির ক্ষেত্রে নারী, দূরত্ব ও জ্যেষ্ঠতাকে প্রধান শর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর সঙ্গে আরও কিছু বাস্তবসম্মত ও সহায়ক শর্ত যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, নতুন শর্তগুলো যুক্ত হলে বদলি প্রক্রিয়া আরও কার্যকর ও স্বচ্ছ হতে পারে। এ বিষয়ে ঈদের পর বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শিক্ষকদের বদলির জন্য প্রস্তুত করা সফটওয়্যার নিয়েও সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের পর মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু করবে অধিদপ্তর। এরপর ধাপে ধাপে বদলির কার্যক্রম চালু হবে।

পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক এবং এমপিওভুক্ত কর্মচারীদেরও বদলির আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

সব মিলিয়ে, দীর্ঘদিনের প্রত্যাশিত বদলি প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত হলে তা শিক্ষকদের জন্য কতটা সুফল বয়ে আনে, সেটিই এখন দেখার বিষয়।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!