ছবি: প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা এলাকায় বাসাবাড়ি ও বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগের তার চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে পৌর এলাকার স্টিমারঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম কাজী আশফাকুজ্জামান জয় (৪০)। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত কাজী আনিসুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ভাণ্ডারিয়া পৌর এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ও বিদ্যুতের খুঁটি থেকে সংযোগের তার কেটে নেওয়ার একাধিক ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে তার কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জগলুল হাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় চুরির ঘটনা রোধে পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
এসএইচ







































