ফাইল ছবি
খুব শিগগিরই গণমাধ্যমের দশম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদ গেজেটে প্রকাশ হলেও সাংবাদিক ও মালিকপক্ষের আয়কর সংক্রান্ত মতপার্থক্যের কারণে তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে বর্তমানে ছয়টি রিট ও সিভিল পিটিশন বিচারাধীন রয়েছে।
সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এর মধ্যে রয়েছে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল, হুমকি ও ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি সহায়তা, নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা এবং নিরাপত্তা প্রশিক্ষণ। পাশাপাশি জেলা পর্যায়ে সুরক্ষা ব্যবস্থা জোরদার ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে সহায়তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ চলছে।
তিনি আরও জানান, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর করতে সংশোধনের কাজ চলছে। একই সঙ্গে ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও একটি অনলাইন ডাটাবেইজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত এক হাজার ১১০ জন অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান এবং দুই হাজার পরিবারের মধ্যে রমজান উপলক্ষে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এদিকে বর্তমানে দেশে চারটি সরকারি ও ৩৭টি বেসরকারি টেলিভিশন চ্যানেল পূর্ণ সম্প্রচারে রয়েছে বলে জানান তিনি।
এসএইচ


-6a05e2d5d1beb-20260514153138.jpg)




































