• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুর


রাজশাহী ব্যুরো এপ্রিল ২৩, ২০২৬, ১০:০২ পিএম
রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুর

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাতবোমার বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মহড়া এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে এই দখল অভিযান চালানো হয়।

স্থানীয় ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিবর্তনের পর সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসে। পরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান রফিকুল ইসলাম পাখি। তবে গত বুধবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে সাধারণ শ্রমিকদের সংঘর্ষ হয়। এর জেরে ক্ষুব্ধ শ্রমিকরা তাকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করেন এবং কার্যালয়ে তালা ঝুলিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানান।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর থেকেই শিরোইল এলাকায় পাখিবিরোধী শতাধিক শ্রমিক অবস্থান নেন। অন্যদিকে রেলগেট এলাকায় জড়ো হন তার অনুসারীরা। বিকেল সাড়ে ৪টার দিকে রফিকুল ইসলাম পাখি তার অনুসারীদের নিয়ে মিছিলসহ শিরোইল এলাকায় প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে পৌঁছে তার অনুসারীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রতিপক্ষ সরে গেলে পাখির অনুসারীরা কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়। এ সময় কয়েকটি দোকান, ভবনের কাঁচ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, পুরো ঘটনায় পুলিশ উপস্থিত থাকলেও কার্যকর ভূমিকা দেখা যায়নি। তবে পুলিশ বলছে, অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রফিকুল ইসলাম পাখি বলেন, পূর্বের পক্ষের লোকজন কার্যালয়ে তালা দিয়েছিল। আমরা কার্যালয় উদ্ধার করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, দুই পক্ষই সরে গেছে। এখন পরিস্থিতি শান্ত। তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে।
 

এসএইচ 

Link copied!