• ঢাকা
  • শনিবার, ০২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জলাবদ্ধতা রোধে ড্রেনের কাদামাটি অপসারণ শুরু


রাজশাহী ব্যুরো মে ২, ২০২৬, ০৭:৫২ পিএম
জলাবদ্ধতা রোধে ড্রেনের কাদামাটি অপসারণ শুরু

ছবি: প্রতিনিধি

আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে রাজশাহী মহানগরীর প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনগুলোর কাদামাটি অপসারণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শনিবার ( ২ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় উপস্থিত থেকে তিনি এই কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং বর্ষা মৌসুমের আগেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জানান, নাগরিক সেবা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে এক্সাভেটর ও শ্রমিকদের মাধ্যমে ড্রেনের কাদামাটি উত্তোলন করা হচ্ছে। রাজশাহী নগরীর জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেখানে প্রয়োজন সেখানে রাতেও ড্রেন পরিষ্কারের কাজ চালানো হবে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন নাগরিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে, তবে নাগরিকদেরও সচেতন হতে হবে। ড্রেনে যেন ময়লা-আবর্জনা ফেলা না হয়, সে বিষয়ে তিনি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

শনিবার কার্যক্রমের শুরুতে বর্ণালীর মোড় রেলক্রসিং এলাকায় বড় এক্সাভেটর দিয়ে প্রাইমারি ড্রেনের কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক। এরপর তিনি নগরীর মথুরডাঙ্গার মোড় এলাকায় শ্রমিকদের মাধ্যমে সেকেন্ডারি ড্রেন পরিষ্কার, সিটি হাট এলাকায় মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ২ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ৬ নম্বর ওয়ার্ডের আপেল ডেকোরেটর মোড় এলাকায় ছোট এক্সাভেটর দিয়ে ড্রেন পরিষ্কারের কাজ তদারকি করেন।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!