• ঢাকা
  • শনিবার, ০২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভুয়া পুলিশ সুপার সেজে তেল নিতে গিয়ে ধরা, অবশেষে গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  মে ২, ২০২৬, ০৮:২১ পিএম
ভুয়া পুলিশ সুপার সেজে তেল নিতে গিয়ে ধরা, অবশেষে গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে পেট্রলপাম্পে প্রভাব খাটিয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টার অভিযোগে মো. অলিউল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার অলিউল্লাহ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা গ্রামের বাসিন্দা মো. ইসারুলের ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকায় অবস্থিত রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন অলিউল্লাহ। এ সময় পাম্পের কর্মচারীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয় যে ওই যুবক ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে রাজশাহীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএইচ 

Link copied!