• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০২৬, ০২:২২ পিএম
আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্য শাখাগুলো চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু প্যাথলজির নয়, মগবাজারের পুরো আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে এই হাসপাতালের অন্য কোনো শাখা থাকলে সেগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারবে, তাতে কোনো বাধা নেই।

মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবেই ওই শিশুরা মারা গেছে। এতে কর্তব্যরত ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল। তাই এই অসহায় ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই নিতে হবে। এই গুরুতর অপরাধের শাস্তি হিসেবেই হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান আশানুরূপ বৃদ্ধি না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে আশার কথা শুনিয়ে তিনি বলেন, দেশের ডাক্তার ও নার্সদের সম্মিলিত সহযোগিতায় হামের বিরুদ্ধে একটি শক্ত প্রতিরোধ দেয়াল তৈরি করতে সরকার সক্ষম হয়েছে। একই সঙ্গে তিনি দেশের সব চিকিৎসকদের আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের সেবায় কাজ করার আহ্বান জানান।

এসএইচ 

Link copied!