• ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্যান্সারে আক্রান্ত রাসেল, বাঁচতে চান আর্থিক সহযোগিতা


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি জুলাই ৮, ২০২৬, ০৬:২৭ পিএম
ক্যান্সারে আক্রান্ত রাসেল,  বাঁচতে চান আর্থিক সহযোগিতা

ছবি : প্রতিনিধি

পাথরঘাটা: ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা মো. রাসেল আকন। চিকিৎসকদের মতে, দ্রুত ও নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা গেলে তার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে বর্তমানে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে।

রাসেল আকন উপজেলার কাঠালতলী গ্রামের মো. জলিল আকনের ছেলে। তার ব্লাড ক্যানসারের চিকিৎসার জন্য কেমোথেরাপিসহ প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা জরুরি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন হতে পারে, যা তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়।

এরই মধ্যে পাথরঘাটার স্থানীয় অনলাইন পোর্টালে মানবিক সহায়তার আবেদন প্রকাশের পর প্রায় ৩০ হাজার টাকা অনুদান পাওয়া গেছে। পাশাপাশি সেই আবেদন ও ভিডিও দেখে পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের স্পেনপ্রবাসী গোলাম হাসিব এরশাদ মানবিক সহায়তা হিসেবে ১ লাখ টাকা প্রদান করেছেন।

বুধবার দুপুরে পাথরঘাটা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে গোলাম হাসিব এরশাদের বড় বোন জাহান আফরোজ খাদিজার মাধ্যমে রাসেল আকনের পরিবারের কাছে ওই অর্থ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. বেল্লাল হোসেন জুয়েল, স্থানীয় সাংবাদিক কাজী রাকিব, সুমন ইসলাম ও নাজমুল সৈকত।

এত বিপুল অর্থ জোগাড় করা রাসেলের পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই তারা সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান এবং মানবিক হৃদয়ের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

সহায়তা পাঠানোর মাধ্যম: বিকাশ (পার্সোনাল): ০১৯৪৫৩৯১৩৭৮, ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট: মো. রাসেল আকন, ১১০১৫১০১০৮৭৩৫, ধানমন্ডি শাখা।

রাসেলের পরিবার জানিয়েছে, সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া পেলে প্রয়োজনীয় চিকিৎসায় তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।

পিএস

Link copied!