• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে গরুর ব্যবসার বিরোধে হাতুড়িপেটা, থানায় অভিযোগ


পিরোজপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০২:৫৯ পিএম
পিরোজপুরে গরুর ব্যবসার বিরোধে হাতুড়িপেটা, থানায় অভিযোগ

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় গরুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে আওয়াল মিয়া (৫০) নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আওয়াল মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরে তাঁর স্ত্রী মোর্শেদা রওশন লাভলী চারজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন শামীম পহলান (৩৪), শাহীন পহলান (৪৩), ইয়াকুব হাওলাদার (২৬) ও মনির পহলান (৩২)। অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী মঙ্গলবার সকালে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আওয়াল মিয়া মঠবাড়িয়ার সাপলেজা বাজারে গরুর ব্যবসা করেন। অভিযুক্তদের কয়েকজনও একই বাজারে একই ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসা নিয়ে তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এর জেরে আওয়ালকে বিভিন্ন সময় হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, গতকাল সোমবার দুপুরে সাপলেজা মাছ ও গরুর বাজারের টোলঘরের কাছে আওয়ালের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এ সময় হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁর মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মারধরের সময় তাঁর পকেটে থাকা ১৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে শামীম পহলান বলেন, আওয়ালের সঙ্গে আগে থেকেই একটি বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই দিন বাজারের টোলঘরে দুজনের মধ্যে কেবল উত্তেজিত হয়ে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন এসে তাঁদের শান্ত করে দেন। কোনো মারধর বা হামলার ঘটনা ঘটেনি।

অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, কথা-কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার রাতে ভুক্তভোগী আওয়ালের স্ত্রী মোর্শেদা রওশন লাভলী চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Link copied!