• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দিলেন দুই মন্ত্রী


লালমনিরহাট প্রতিনিধি অক্টোবর ৪, ২০২৬, ০৪:০৮ পিএম
লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দিলেন দুই মন্ত্রী

ছবি : প্রতিনিধি

লালমনিরহাট: ভারতের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চলু করা হবে বলে আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

রোববার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এ আশ্বাস দেন। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মোগলহাট স্থলবন্দর একটি আন্তর্জাতিক স্থলবন্দর। সে কারণে পাশ্ববর্তি দেশ ভারতের সঙ্গে আমাদের চুক্তি করতে হবে। আর আমাদের এখানে যে অবকাঠামো সংস্কার করতে হবে তা  আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তা  আমরা করতে পারব। প্রথম কাজটা হলো ভারতের আগ্রহ থাকতে হবে। আর চুক্তিটা অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। 

ত্রাণমন্ত্রী আরো বলেন, এ অঞ্চলের মানুষ হতদরিদ্র ও গরিব। এখানে কর্মহীন মানুষের সংখ্যাই বেশি। স্থলবন্দরটি চালু হলে এখানে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। আন্তর্জাতিকমানের বাণিজ্য শুরু হলে উভয় দেশের অর্থনীতিকে মজবুত করবে। সেই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, আমাদের মন্ত্রণালয় চায় এ বন্দরটি পুনরায় চালু হোক। মানুষের দৈনন্দিন চাহিদাগুলো পূরণ হোক। স্থলবন্দরটি পুনরায় চালু করতে যে অবকাঠামো বা জনবল দরকার তা পূরণ করতে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। ভারত সরকার না চাইলে তো একক বে আমরা চালু করতে পারব না। তাই ভারতের সাথে আগে চুক্তি করা দরকার। অতীতে আমরা ভারতের আগ্রহের কথা শুনেছি। যেহেতু অতীতে এ বন্দরটি চালু ছিল। তাই তারাও বিষয়টি অবগত রয়েছে। আমরা আশাবাদি খুব অল্প সময়ে চুক্তি করে এ বন্দরটি পুনরায় চালু করা হবে। 

পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!