• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাকরির প্রলোভনে নারীকে আটকে রেখে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন


বরগুনা প্রতিনিধি অক্টোবর ৪, ২০২৬, ০৮:৫৬ পিএম
চাকরির প্রলোভনে নারীকে আটকে রেখে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে চট্টগ্রামে নিয়ে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাহবুব কারিকর (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি মাহবুব কারিকর আদালতে উপস্থিত ছিলেন। তিনি পাথরঘাটা উপজেলার মধ্য বাইনচুটকি গ্রামের আ. কাদের কারিকরের ছেলে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩ জুন চট্টগ্রামের একটি বিদেশি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নারীকে তার স্বামীর সঙ্গে চট্টগ্রামে নিয়ে যান মাহবুব কারিকর।

পরদিন সকালে তারা চট্টগ্রামের অলংকার মোড় স্টেশনে পৌঁছালে কৌশলে ওই নারীর স্বামীকে একটি হোটেলে রেখে তাকে নিয়ে যান মাহবুব। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও স্ত্রীকে না পেয়ে তার স্বামী বাড়িতে ফিরে যান।

এরপর মাহবুব ওই নারীকে একটি বাসায় দীর্ঘদিন আটকে রাখেন এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। একপর্যায়ে সুযোগ পেয়ে ওই নারী সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ২০১৪ সালের ২৩ জুন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

মামলার পর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

রায় ঘোষণার পর মাহবুব কারিকর নিজেকে নির্দোষ দাবি করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজুয়ারা সিপু বলেন, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তিনি আদালতের এ রায়কে সন্তোষজনক বলে উল্লেখ করেন।

পিএস

Link copied!