ছবি: সংগৃহীত
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চালু রয়েছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয়-ভারত সরকার সেদিকে বিশেষ নজর দেবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব কি না-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা পুরোপুরি সম্ভব এবং সেই আইনি প্রক্রিয়াই বর্তমানে এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে ছড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র সফর ও ভিসা জটিলতার গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের ভিত্তিহীন গুঞ্জনে কান দেওয়া ঠিক নয়। সংবাদকর্মীরা সবসময় সত্য যাচাই করে সঠিক খবর প্রকাশ করবেন-এটাই সরকারের প্রত্যাশা।
তিনি স্পষ্ট করেন যে, স্যান ফ্রান্সিসকো সফরের কোনো পরিকল্পনা প্রধানমন্ত্রীর ছিল না। ওই সফরে কেবল আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল।
এছাড়া খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর একটি তুরস্ক সফর রয়েছে বলে জানান শামা ওবায়েদ। তবে ওই সফরের নির্দিষ্ট সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
এসএইচ







































