ছবি : প্রতিনিধি
নেত্রকোনা: ডিসেম্বরকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে সীমান্তে বাড়ানো হয়েছে টহল। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও সার্চলাইট। প্রয়োজনে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
বিজিবি অধিনায়ক বলেন, ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা ও সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি চলছে।
তিনি আরও বলেন, গত জুন মাসে বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা জোরদার করেছিল। নেত্রকোনা সীমান্তেও এমন তৎপরতা ছিল। তবে বিজিবির কঠোর টহল, স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া পদক্ষেপের কারণে এ সীমান্ত দিয়ে বিএসএফ কোনো পুশইন করতে পারেনি।
প্রেস ব্রিফিংয়ে বিজিবির পক্ষ থেকে গত এক বছরের অভিযানের তথ্য তুলে ধরা হয়। এতে জানানো হয়, এ সময়ে তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে পাচারের শিকার ৯ জন পুরুষ ও দুই নারীকে উদ্ধার করা হয়েছে।
এছাড়া ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮টি ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ ও ৮৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ২১ জন আসামিকে আটক করেছে বিজিবি।
প্রেস ব্রিফিংয়ে কলমাকান্দা, মধ্যনগরসহ নেত্রকোনা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পিএস







































