• ঢাকা
  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বারাকা পাওয়ারের মুনাফা বেড়েছে তিন গুণ, আয় ১২ কোটি ৭৪ লাখ টাকা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৬, ১১:০৪ পিএম
বারাকা পাওয়ারের মুনাফা বেড়েছে তিন গুণ, আয় ১২ কোটি ৭৪ লাখ টাকা

বিদ্যুৎ উৎপাদন খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের সমন্বিত মুনাফা চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় তিন গুণ বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১২ কোটি ৭৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৪ কোটি ২২ লাখ টাকা।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১৪ নভেম্বর প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে তিন গুণ।

কোম্পানিটি জানিয়েছে, সহযোগী ও অধীনস্থ কোম্পানি থেকে আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাওয়ায় সমন্বিত মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

এদিকে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ১ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে এই সূচক ঋণাত্মক ১৬ পয়সা ছিল। কোম্পানিটির ভাষ্য, অধীনস্থ প্রতিষ্ঠানের সরবরাহকারীদের পাওনা পরিশোধের পরিমাণ কমে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহে উন্নতি হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৭ পয়সা। গত ৩০ জুন শেষে এ সম্পদমূল্য ছিল ২৪ টাকা ৭৩ পয়সা।

বারাকা ফ্যাশনসের ৯৯.৯৯ শতাংশ মালিকানা নিচ্ছে

এদিকে বারাকা পাওয়ারের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান বারাকা ফ্যাশনস লিমিটেডের ১ কোটি ৪৭ লাখ সাধারণ শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত অনুমোদন করেছে। এসব শেয়ার বারাকা অ্যাপারেলস লিমিটেডের কাছ থেকে কেনা হবে।

বর্তমানে বারাকা ফ্যাশনসের পরিশোধিত মূলধনের ৫১ শতাংশের মালিক বারাকা পাওয়ার। নতুন করে শেয়ার অধিগ্রহণ সম্পন্ন হলে প্রতিষ্ঠানটিতে বারাকা পাওয়ারের মালিকানা বেড়ে ৯৯ দশমিক ৯৯ শতাংশে দাঁড়াবে। ফলে বারাকা ফ্যাশনস কার্যত বারাকা পাওয়ারের শতভাগ মালিকানাধীন অধীনস্থ প্রতিষ্ঠানে পরিণত হবে।

প্রতি শেয়ার ২ টাকা ২০ পয়সা দরে মোট ৩২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকায় এসব শেয়ার অধিগ্রহণ করা হবে। যদিও শেয়ারগুলোর অভিহিত মূল্য ১০ টাকা। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ গত ৩০ জুন বারাকা ফ্যাশনসের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২ টাকা ২২ পয়সা।

কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, এ অধিগ্রহণের উদ্দেশ্য হলো পরিচালনগত অদক্ষতা কমানো, করপোরেট নিয়ন্ত্রণ সুসংহত করা এবং বারাকা ফ্যাশনসের কার্যক্রমকে বারাকা পাওয়ারের অধীনে আরও সমন্বিত করা।

এএইচ।/এম

Link copied!