• ঢাকা
  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা: জামায়াত আমির


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৬, ০৩:২৬ পিএম
পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা: জামায়াত আমির

ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতে পালিয়ে গিয়েও দেশের মানুষকে এখনো কষ্ট দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। যদি আওয়ামী লীগ এতই শক্তিশালী হত তাহলে দেশ ছেড়ে পালিয়ে যেত না। 

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ নামক ভাইরাসের অনেক লক্ষণ থাকলেও এ সরকারকে এখনই আমরা ফ্যাসিস্ট বলতে চাই না। তিনি বলেন, জাতির সামনে ওয়াদা দিয়ে তারা লঙ্ঘন করল, জুলাই সনদ না মেনে তারা প্রতারণা করল।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন নিয়ে মাতামাতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, যারা জুলাইয়ে রক্ত দিয়েছে, তারা নতুন কাউকে ফ্যাসিবাদী হতে দেবে না।

বিরোধীদলীয় নেতা বলেন, শিক্ষাখাতে চরম ষড়যন্ত্র চলছে। সারাদেশের স্কুল কলেজের কমিটিতে সন্ত্রাসীদের দায়িত্ব দেয়া হচ্ছে। মেধাবী শিক্ষকদের উপেক্ষা করে দলবাজ শিক্ষকদের প্রাধান্য দেয়া হচ্ছে। জোর করে দলীয় লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, সামনে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা আর কোনো ভোট ডাকাত, দুর্নীতিবাজদের ছাড় দেব না। কোন অন্যায়ের কাছে মাথা নত করব না, কোন অন্যায় সহ্য করব না।

পিএস

Link copied!