ছবি : সংগৃহীত
ঢাকা: বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (RISSC) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এই তালিকায় তারেক রহমানকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে রাখা হয়েছে।
প্রকাশিত তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও আরও দুজন বিশিষ্ট বাংলাদেশি নারী স্থান পেয়েছেন। তাঁরা হলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন এবং মানবাধিকারকর্মী ও আইনজীবী রাজিয়া সুলতানা। তাঁরা দুজনই ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে স্থান পেয়েছেন।
রাজনৈতিক নেতৃত্ব, আন্তর্জাতিক পরিসরে প্রভাব এবং মুসলিম বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে প্রতিবছর এ তালিকা প্রকাশ করে রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের প্রভাব ও অবদান তুলে ধরাই এই প্রকাশনার মূল উদ্দেশ্য।
তালিকাটিতে বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান, সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।
২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিনজন ব্যক্তিত্বই ক্রমানুসারবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।
এর আগে ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
তারেক রহমানের এই স্বীকৃতিকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের আন্তর্জাতিক পরিসরে পরিচিতি ও প্রভাবের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
তালিকায় শীর্ষ ১০ জনের মধ্যে রয়েছেন, সৌদিআরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরিফ, পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, পাকিস্তানের বিশিষ্ট ইসলামি পণ্ডিত মুফতি মুহাম্মদ তাকি উসমানি এবং ইয়েমেনের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শেখ আল-হাবিব ওমর বিন হাফিজ।
পিএস







































