• ঢাকা
  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৬, ০২:২৮ পিএম
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

ঢাকা: চলমান শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।

স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এর আওতায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন পোশাক কারখানার মালিকরা। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রধান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিজিএমইএ সূত্রে জানা গেছে, এতে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাভার, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা টানা কয়েক দিন ধরে কাজে যোগ না দেওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে মালিকদের একটি বড় অংশ তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে চান।

শ্রমিক অসন্তোষের কারণে সাভারের ৫০টি কারখানা ইতোমধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পিএস

Link copied!