• ঢাকা
  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এমপি নুসরাত তাবাসসুমের বাবার নামে মামলা


কুষ্টিয়া প্রতিনিধি নভেম্বর ১৪, ২০২৬, ০৮:২০ পিএম
এমপি নুসরাত তাবাসসুমের বাবার নামে মামলা

ছবি : সংগৃহীত

ঢাকা: বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের নামে মামলা হয়েছে। মামলায় তাকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর থানায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) মামলাটি করেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুল হালিমের বিরুদ্ধে করা মামলাটি দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী তদন্ত করবেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে আবদুল হালিম ওই জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ বাদীর।

এজাহারের বর্ণনা অনুযায়ী, এ বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করেছেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে ১৬ সেপ্টেম্বর আবদুল হালিম উল্টো তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারে যেতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করেছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হলে তিনি পরিবার নিয়ে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন বলে এজাহারে দাবি করেছেন।

এজাহারে বলা হয়েছে, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। এ কারণে আতঙ্কিত হয়ে থানায় মামলা করেছেন। হামলার পর ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন মামলা করতে পারেননি বলেও উল্লেখ করেছেন তিনি।

মামলার বাদী ইদ্রিস আলী বলেন, আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনেছিলেন তিনি। জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। গত বছরের ঘটনার বিষয়ে থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।

অন্যদিকে, মামলার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন আবদুল হালিম। তিনি বলেন, ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় অনেকের সঙ্গে তার বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক বলে জানেন। ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। কারও প্ররোচনায় ইদ্রিস আলী এখন মামলা করে থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় নুসরাত ও এনসিপির নেতারা পেট্রলবোমা হামলার অভিযোগ করেন।

পিএস

Link copied!