ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সদস্যপদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন বাবা ও ছেলে। গতকাল রোববার রাতে কুশলী ইউনিয়নের চর কুশলী এলাকার বাসিন্দা মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির এই ঘোষণা দেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন তারা। মিরান ফকির জানান, তার বৃদ্ধ বাবাকে রাজনীতি সম্পর্কে ধারণা না থাকায় ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দেওয়ানো হয়েছিল। একইভাবে তাকেও দলে যুক্ত করা হয়। তাদের কোনো সাংগঠনিক পদ ছিল না, শুধু সদস্য হিসেবে রাখা হয়েছিল।
মিরান ফকির বলেন, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তারা বিভিন্ন হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তার একটি ব্যবসা রয়েছে। সেখানেও তাকে ব্যবসা পরিচালনায় ভয়ভীতি দেখানো হয়েছে।
দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে তাদের মতের মিল নেই বলে জানান তিনি। মানুষের আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খল কর্মকাণ্ড তাদের পছন্দ নয়।
তিনি অভিযোগ করেন, গত রাতে তিনজন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাদের আটকে রেখে মারধর করা হয়। এ ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত হয়েছেন। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কেন কাউকে মারধরের শিকার হতে হবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
মিরান ফকির আরও বলেন, শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মানুষকে মারধর করা হলে এমন রাজনীতি তারা চান না। শেখ হাসিনার প্রতি তাদের আবেগ ও ভালোবাসা রয়েছে।
নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্যপদসহ দলটির সব কার্যক্রম থেকে তারা সরে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও এমন রাজনীতির সঙ্গে তারা সম্পৃক্ত থাকতে চান না। বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তারা নিজেদের অবস্থান জানান দেন।
তবে বাবা-ছেলের পদত্যাগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসএইচ







































