• ঢাকা
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শ্রমিকদ আন্দোলন

গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৪৯টিতে ছুটি


গাজীপুর প্রতিনিধ নভেম্বর ১৫, ২০২৬, ০৯:২২ পিএম
গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৪৯টিতে ছুটি

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন, কারখানায় ভাঙচুর ও মহাসড়ক অবরোধের জেরে উদ্ভূত পরিস্থিতিতে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও ৪৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার সকাল ৯টার দিকে বেশ কিছু কারখানার শ্রমিকেরা পল্লীবিদ্যুৎ এলাকায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁরা মাসিক বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহনের হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। বিক্ষোভকারীরা উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও তেলিরচালা এলাকার মহাসড়কে মিছিল করেন।

শ্রমিকদের এই আন্দোলনের মুখে ইন্টারইস্টপ, ইকো টেক্স, এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিংস, ট্রপিক্যাল, ফারিস্ট, আহসান কম্পোজিট, ডিভাইন, লিডা, করোনী, লিভেন্ডার, ইনক্রেডিবল ও সাদমাসহ মোট ৪৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সাদমা কারখানার পরিচালক জানান, উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ নিরুপায় হয়ে এ পর্যন্ত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ৪৯টি কারখানায় ছুটি ঘোষণা করেছে। অন্যদিকে আন্দোলনকারী শ্রমিক নেতা সোহেল মিয়া দাবি আদায় না হওয়া পর্যন্ত সব কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন।

বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে থেমে থেমে যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিক অসন্তোষ, কারখানায় হামলা ও ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে এবং খোলা থাকা কারখানাগুলোতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মুর্শেদ ও কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকদের সঙ্গে কয়েক দফা আলোচনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সরিয়ে দিয়ে মহাসড়ক যান চলাচলের উপযোগী রাখতে কাজ করছে।

এসএইচ 

Link copied!