• ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোহিঙ্গাদের জন্মসনদ

ঘুমধুম ইউপি সচিবের জামিন স্থগিত


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০২১, ০৪:৫২ পিএম
ঘুমধুম ইউপি সচিবের জামিন স্থগিত

ঢাকা : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের চেয়ারম্যানের সই জাল করে জন্মসনদ দেওয়ার অভিযোগের মামলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন পরিষদের সচিবকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

রোববার (৫ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

৫ জানুয়ারি এ মামলা করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জনান, এ মামলায় আগাম জামিন নিয়ে ইউপি সচিব মোহাম্মদ এরশাদুল হক আর নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। পরে ১ মার্চ তাকে গ্রেফতার করে পুলিশ। ৪ মে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

এক প্রশ্নে এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, আপিল বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে এই কারণে যে, যেহেতু এই জন্মসনদ নিয়ে তারা পাসপোর্ট তৈরি করতে পারে, তারা এনআইডি তৈরি করতে পারে। এসব নিয়ে তারা দেশের বাইরে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করলে সেটা বাংলাদেশিদের দুর্নাম হয়। কিন্তু তারা আমাদের দেশের নাগরিক না।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!